সবার আগে বাংলাদেশ

Morning Bangladesh Morning Bangladesh

রিপোর্টার

প্রকাশিত: 8:54 PM, November 7, 2026


নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন প্রায় ৭০০ মানুষ

বিশেষ প্রতিনিধি,
ঢাকার নবাবগঞ্জে লায়ন্সের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় ৭০০ মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ পেয়েছেন। শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমাও দেওয়া হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, ঢাকা এরিস্টক্যাট ও ঢাকা উত্তরা ওয়েস্ট যৌথভাবে এ আয়োজন করে। সহযোগিতায় ছিল নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ। প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ লুতফর রহমান নাদিম এমজেএফের সার্বিক তত্ত্বাবধানে শিবিরটি পরিচালিত হয়।

আয়োজকেরা জানান, পরীক্ষায় শতাধিক রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে। তাঁদের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মোঃ সেলিম ও গ্যাট ভাইস এরিয়া লিডার বেনজীর আহম্মেদ।

উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, প্রথম ভাইস জেলা গভর্নর রফিকুল বারী, জেলা ৩১৫এ১-এর প্রথম ভাইস জেলা গভর্নর ড. খন্দকার আবুল হোসেন, পিডিজি হেলেন আক্তার নাসরিন, ডা. খন্দকার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং লায়ন ও লিও নেতৃবৃন্দ।

আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।